মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রটির ভোটগ্রহণ প্রায় ১৫ মিনিট বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালে এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. তিতুমীর জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল সোয়া ১০টা থেকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয় এবং বর্তমানে ভোট গ্রহণ চলছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, একের পর এক প্রায় ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণের সময় ভোটার ও সাধারণ মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘ফুটবল’ প্রতীক ও ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থকদের মধ্যে কেন্দ্রের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার ওসি মমিন আলী জানান, কেন্দ্রটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে।

