ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে গণমাধ্যমের আগের সমালোচনার জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আগে আপনারা টেলিভিশনে ভোটকেন্দ্রের কুকুর দেখিয়েছেন, মাঠ খালি দেখিয়েছেন। আজ কেন্দ্রের ধারে কুকুর খুঁজে পাবেন না—আজ সব মানুষ আর মানুষ।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরেছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে ইসির প্রতি আস্থা ফিরে এসেছে। দলগুলোও আস্থা রেখেছে বলেই নির্বাচনে অংশ নিয়েছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে পঞ্চগড়ে কুয়াশার মধ্যে নারীদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার দৃশ্য তাকে অনুপ্রাণিত করেছে। “নারী ও যুবসমাজ আমাদের শক্তিতে রূপান্তর হবে ইনশাআল্লাহ,” বলেন তিনি।
ঈদের মতো ভোটের আমেজ চলছে উল্লেখ করে সিইসি বলেন, ইসি বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সারা দেশে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তিনি দৃঢ়ভাবে বলেন, “এ দেশে আর পাতানো নির্বাচন হবে না।”
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অপতথ্য যাচাই করে প্রকাশ করতে হবে। নির্বাচন নিয়ে গুজব প্রসঙ্গে তিনি বলেন, এআই-জেনারেটেড কনটেন্ট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তবে সত্য তথ্য দিয়ে অপতথ্য মোকাবিলার কৌশল নেওয়া হয়েছে।

