চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে ধানের শীষ ও মোমবাতি প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পোলিং এজেন্টসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে রয়েছেন পোলিং এজেন্ট মো. রুবেল ও আসিফুল ইসলামসহ আরও চারজন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে উত্তেজনা সৃষ্টি হয়। মোমবাতি প্রতীকের সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থিত প্রার্থীর অনুসারীদের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ভোটারদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

