নির্বাচনের আগে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়াকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় এক জামায়াত কর্মীকে দাড়ি ধরে এলোপাতাড়ি লাঠিপেটার অভিযোগ উঠেছে ধানের শীষ প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত জামায়াত কর্মীর নাম নুরুল আবছার। তিনি স্থানীয় ইব্রাহীম মুন্সি বাড়ির বাসিন্দা। অভিযুক্ত হিসেবে যুবদল কর্মী বেলাল হোসেনের নাম জানিয়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী নুরুল আবছার জানান, দুপুরে নামাজ শেষে ঘরে ঢুকতেই বেলাল হোসেন তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় দাড়ি ধরে টেনে উপড়ে ফেলা হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও হেনস্তা করা হয়।
নুরুল আবছারের স্ত্রী জানান, এর আগেও নির্বাচনি প্রচারণার সময় তার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন বলেন, আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, দলের কোনো কর্মীর আচরণে সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বিএনপি প্রস্তুত।
ফেনীর সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

