নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সদ্য অনুষ্ঠিত নির্বাচন ছিল একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যা দেশ-বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
‘আওয়ামী লীগবিহীন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কি না’—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মহল থেকে সবাই একমত যে এটি একটি ইনক্লুসিভ ইলেকশন হয়েছে। এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক বলেই এটি সর্বমহলে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আওয়ামী লীগের বিষয়ে সরকারের ভবিষ্যৎ সিদ্ধান্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে রাজনৈতিকভাবে পরে জানানো হবে। সরকারে আলোচনার পরই এ সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে বলে জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এর প্রয়োজন নেই। তার মতে, একটি বিশেষ রাজনৈতিক মুহূর্তে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল এবং গণতন্ত্রে উত্তরণের জন্য যতটুকু প্রয়োজন ছিল, তারা তার বড় অংশই সম্পন্ন করেছে। এ জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ কৃতিত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

