চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে খুলনা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আমনুরা জংশনে এ দুর্ঘটনা ঘটে।
আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আমনুরা এলাকায় অবস্থিত ৫০ কিলোওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল পরিবহন করছিল ট্রেনটি। বিদ্যুৎকেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ আগে হঠাৎ চারটি ওয়াগন লাইনচ্যুত হয়।
এ ঘটনায় রহনপুর-রাজশাহী রুটে চলাচলকারী অন্তত তিনটি ট্রেন আটকা পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত ওয়াগন সরিয়ে নেওয়া এবং রেললাইন মেরামতের কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দলকে অবহিত করা হয়। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, এর আগেও একই স্থানে একাধিকবার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

