রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কার্যালয় দখলকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এ সময় দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান মেইন রোডে, বিট অফিসের বিপরীত পাশে অবস্থিত ১০০ নম্বর ওয়ার্ড আওতাভুক্ত ঢাকা উদ্যান দক্ষিণ ইউনিট বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির ইউনিট সভাপতি ইউসুফ আলী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বসির উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক পারভেজ এবং ছাত্রদল কর্মী আরিফ, নয়ন ও মিরাজের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা অতর্কিতভাবে বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং অফিসে টাঙানো দলীয় শীর্ষ নেতাদের ছবি ক্ষতিগ্রস্ত করে। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ভাঙচুরের পর অভিযুক্তরা আরও লোকজন নিয়ে বিজয় মিছিল করে ঘটনাস্থল ত্যাগ করে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলের দিকে হঠাৎ করে ৫০–৬০ জনের একটি দল এসে কার্যালয়ে হামলা চালায় এবং পরে মিছিল বের করে।
অভিযোগ প্রসঙ্গে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বসির উল্লাহ দাবি করেন, ঘটনার সময় তিনি তেজগাঁও এলাকায় একটি ইফতার মাহফিলে ছিলেন। তার নাম ব্যবহার করে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না বলে জানান এবং বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

