ভারত মহাসাগরে মোতায়েন থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার (৪ মার্চ) ভোরে এক বিবৃতিতে বাহিনীটি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটি কৌশলগত মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে হামলা চালানো হয়। নৌবাহিনীর বরাত দিয়ে তারা জানায়, ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ার যখন একটি মার্কিন জ্বালানি পরিবাহী ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করছিল, তখনই সেটিকে লক্ষ্যবস্তু করা হয়।
অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘কদর-৩৬০’ ও ‘তালাইয়েহ’ নামের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে আইআরজিসি আরও দাবি করেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ডেস্ট্রয়ার ও জ্বালানি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
ইরানি সামরিক বাহিনীর দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কথিত আগ্রাসনের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটি আন্তর্জাতিক আইনের আলোকে আত্মরক্ষার অংশ। হামলার পর সংশ্লিষ্ট এলাকায় মার্কিন নৌবাহিনীর উদ্ধার তৎপরতা দেখা গেছে বলে কিছু অসমর্থিত সূত্র জানিয়েছে।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বা ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেনি। সামরিক বিশ্লেষকদের মতে, ঘটনাটি সত্য হলে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরজুড়ে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে।

