হোয়াইট হাউসের ঐতিহাসিক ওভাল অফিসে মেজর লিগ সকার (এমএলএস) চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি, যিনি পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।
গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জয়ের স্বীকৃতিস্বরূপ ইন্টার মায়ামি দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প তার ছেলে ব্যারন ট্রাম্পের মেসির প্রতি গভীর অনুরাগের কথা উল্লেখ করেন। তিনি মেসিকে ‘জেন্টলম্যান’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, আমার ছেলে আপনার বড় ভক্ত। সে মনে করে আপনি শুধু অসাধারণ ফুটবলারই নন, একজন দারুণ মানুষও।
আলোচনার একপর্যায়ে ট্রাম্প তার পছন্দের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, রোনালদো নামের এক ভদ্রলোক আছেন—ক্রিশ্চিয়ানো অসাধারণ, আপনিও অসাধারণ। চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর প্রশংসা শুনে মেসিকে কিছুটা অপ্রস্তুত দেখা গেলেও তিনি মৃদু হাসিতে বিষয়টি গ্রহণ করেন।
পরে ট্রাম্প উপস্থিত সবার কাছে জানতে চান, ফুটবল ইতিহাসে কে সেরা—মেসি নাকি পেলে। উপস্থিত অতিথিরা সমস্বরে মেসির নাম বললে ট্রাম্পও তাতে সম্মতি জানান।
অনুষ্ঠানে ইন্টার মায়ামি ক্লাবের পক্ষ থেকে ট্রাম্পকে ৪৭ নম্বর লেখা একটি গোলাপি জার্সি উপহার দেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তার অবস্থানকে স্মরণ করিয়ে দেয়। এছাড়া একটি স্বাক্ষরিত ফুটবলও তাকে উপহার দেওয়া হয়। মেসি ও ক্লাবের মালিক হোর্হে মাসকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, আমার জন্য এটি বিশেষ সৌভাগ্যের বিষয় এমন কিছু বলা, যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বলার সুযোগ পাননি—হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।

