রাজধানীর পুরান ঢাকায় একটি রেস্তোরাঁয় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের মারধরের অভিযোগ উঠেছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (৭ মার্চ) ইফতারের সময় রায় সাহেব বাজার মোড় এলাকায় জনসন রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির একটি শাখায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার সময় রেস্তোরাঁটির ভেতরে ও সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন ক্রেতা ইফতার করতে সেখানে গেলে ইফতারের খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই তর্ক তীব্র আকার ধারণ করলে কয়েকজন কর্মী ক্রেতাদের ওপর চড়াও হন।
এ সময় কর্মীদের কয়েকজনকে চেয়ার ও বোতল হাতে নিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েকজন ক্রেতা আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত অন্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কিছু সময়ের জন্য সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও বাইরে বেশ কয়েকজন লোক জটলা করে দাঁড়িয়ে আছেন এবং কয়েকজন কর্মী ক্রেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন। এক পর্যায়ে একজন কর্মীকে চেয়ার হাতে নিয়ে এগিয়ে যেতে দেখা যায় এবং আরেকজনকে বোতল দিয়ে আঘাত করতে দেখা যায়। পরে কয়েকজন মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করতে দেখা যায়।
এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ জানিয়েছেন, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। মারধরের শিকার হওয়া ক্রেতাদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিতে আসা হয়েছে বলে তিনি জানান। লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করা হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

