জ্বালানি সংকট ও আসন্ন ‘জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৬’ পরিচালনার প্রস্তুতির কারণে ব্যক্তিগত পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গাড়ি রিকুইজিশন বা বরাদ্দ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে, যার প্রভাব বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাতেও পড়েছে। পর্যাপ্ত জ্বালানি সংগ্রহে পরিবহন দপ্তরকে বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একই সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ ‘জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের যানবাহনের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় দাপ্তরিক কাজ ছাড়া ব্যক্তিগত কাজে গাড়ি বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।
এছাড়া অফিসিয়াল কাজে যানবাহন ব্যবহারের ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে সচেতনভাবে গাড়ি ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যক্তিগত রিকুইজিশন পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমানে ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থীদের পরিবহন সেবা সচল রাখাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

