সংবিধান সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাজনৈতিক ঐক্য ছাড়া বর্তমান সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করা জরুরি। অন্যথায় বিএনপি স্বৈরশাসনের পথে অগ্রসর হতে পারে, যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
তিনি অভিযোগ করেন, বিএনপি গণভোট, গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ গ্রহণে অনীহা দেখাচ্ছে। এসব আইন সবার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এগুলো বাতিল হলে সংশ্লিষ্ট কেউই দায় এড়াতে পারবে না।
এ সময় ১১ দলের চলমান বিক্ষোভ সমাবেশের প্রতিও পূর্ণ সমর্থন জানান তিনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, জনগণের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। নির্বাচন প্রক্রিয়ায় কারসাজির মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনে পরে দায় এড়িয়ে যাওয়া যাবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া অধ্যাদেশগুলো কেন বাতিল করা হচ্ছে, সে বিষয়ে ড. ইউনুসকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে সরকারের উপদেষ্টাদেরও মাঠে নেমে অবস্থান স্পষ্ট করতে হবে।

