দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এর আগে আগামী রোববার থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দুটি সিটি করপোরেশন ও দুটি জেলায় এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
রোববার ঢাকার নবাবগঞ্জে আয়োজিত হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল জেলায় এই বিশেষ কর্মসূচি চালু হবে। পরবর্তীতে তা পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ৩ মে থেকে বাকি এলাকাগুলোতেও ধাপে ধাপে টিকা প্রদান কার্যক্রম চালু করা হবে, যাতে দেশের কোনো শিশুই হামের ঝুঁকির বাইরে না থাকে। বর্তমানে দেশে হামের সংক্রমণ যেভাবে বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই; এটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা করোনার মহামারীর চেয়েও কম উদ্বেগজনক নয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ বৃদ্ধির কারণে জরুরি ভিত্তিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার জন্য সরকার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

