বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করে। বিষয়টি প্রকাশ করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ সিডনি।
খবরে বলা হয়, অতীতে ইহুদি ধর্মাবলম্বীদের সম্পর্কে শায়খ আহমাদুল্লাহর কিছু মন্তব্য পুনরায় জনসমক্ষে আসার পর সেগুলোকে ‘জঘন্য’ ও ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে চিহ্নিত করা হয়। তার বক্তব্যে ইহুদিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং বিশ্বব্যাপী অস্থিরতার সঙ্গে তাদের সম্পৃক্ত করার অভিযোগও উঠে এসেছে।
ভিসা বাতিলের সিদ্ধান্তটি কার্যকর করা হয় এমন সময়ে, যখন তিনি সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। দেশটির অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট বিষয়টি নিশ্চিত করে জানান, ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যের ক্ষেত্রে সরকারের কোনো সহনশীলতা নেই।
এই সিদ্ধান্তের ফলে শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ায় পুনঃপ্রবেশের সুযোগ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। তবে এই পরিস্থিতির কারণে তার সফরের বাকি অংশ বাতিল করা হয়েছে।
এর ফলে ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে নির্ধারিত তার সভাগুলো আর অনুষ্ঠিত হবে না। যদিও এর আগে তিনি মেলবোর্ন ও সিডনিতে কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, বাকি সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

