ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ ৭০, বাংলাদেশিসহ ৩২ জন জীবিত উদ্ধার
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ইতালির কোস্টগার্ড ডুবে যাওয়া নৌযান থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।
মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে ইতালীয় এনজিও মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান ও দেশটির কোস্টগার্ডের বরাতে এসব তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া ৩২ জন সবাই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক।
এনজিওটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, শনিবার বিকেলে একটি কাঠের তৈরি নৌযান ভূমধ্যসাগরের সার্চ অ্যান্ড রেস্কিউ জোন এলাকায় ডুবে যায়, যা লিবিয়ার নিয়ন্ত্রণাধীন।
নৌযানটি লিবিয়ার তাজাউর অঞ্চল থেকে যাত্রা শুরু করেছিল এবং এতে মোট ১০৫ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে নারী, পুরুষ ও শিশু সবাই ছিলেন। নৌযানটি লিবিয়ার উপকূলীয় বৌরি অয়েল ফিল্ড থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তরপূর্বে ডুবে যায়।

