ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালির ভেতরে পারস্য উপসাগরে আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে পুনরায় যাত্রা শুরু করেছে। বুধবার ভোরে যুদ্ধবিরতির পর জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে নোঙর তোলে। বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন এ জাহাজে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক অবস্থান করছেন।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টার দিকে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা করে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। সে সময় জাহাজটির গতি ছিল ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল এবং ড্রাফট ছিল ১০ দশমিক ৮০ মিটার।
জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে তারা দাম্মামের বহির্নোঙরে অবস্থান করছিলেন। যুদ্ধবিরতির পর এখন হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, বর্তমানে তারা হরমুজ থেকে প্রায় ৪২৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন এবং প্রণালি পার হতে আনুমানিক আরও ৪০ ঘণ্টা সময় লাগতে পারে। প্রণালি অতিক্রমের পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশে রওনা হবে।

বিএসসি সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। তবে এর পরদিন মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়।
গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকি এড়াতে জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী যাত্রা শুরু করেও নিরাপত্তাজনিত কারণে জাহাজটি পুনরায় আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়। অবশেষে যুদ্ধবিরতির পর নতুন করে যাত্রা শুরু করল ‘বাংলার জয়যাত্রা’।

