রাজনীতির প্রতি মানুষের আগ্রহ বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার চেয়ে বেশি—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে রাজনৈতিক চেতনা ও আগ্রহের ফলেই। একইভাবে, স্বৈরশাসন মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলে ছাত্র-যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে।
বৃহস্পতিবার দুপুরে নিজ জেলা ভোলা সফরের আগে বরিশাল সার্কিট হাউসে যাত্রাবিরতির সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার জানান, গণতন্ত্র ছাড়া দেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। তাই গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করেই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা যেতে পারে।
তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সক্ষম হবে। রাজনীতির ইতিবাচক দিক উল্লেখ করে তিনি বলেন, এর ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও গণতন্ত্রের প্রতি আগ্রহ বেড়েছে, যা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা ও সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে মাফিয়াতন্ত্রের অবসান ঘটেছে উল্লেখ করে তিনি এটিকে দেশের জন্য একটি গৌরবময় অধ্যায় হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের মাটিতে গণতন্ত্র আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।
এছাড়া, বরিশালে পৌঁছে নিজের শৈশবের স্মৃতিচারণা করেন স্পিকার। সার্কিট হাউস প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি ভোলার উদ্দেশে রওনা দেন।

