জামায়াতে ইসলামীর প্রশংসা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী একটি ভদ্র ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল, সংসদে তারা অত্যন্ত ডিসিপ্লিন মেনে চলে এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে।’
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দলীয় বিভাজন ও মতাদর্শের কারণে কাউকে হয়রানি করা উচিত নয়। তিনি জামায়াতে ইসলামীর প্রসঙ্গে বলেন, তারা নিয়মকানুন মেনে চলে এবং একসময় বিএনপির মিত্র দল ছিল। তিনি জামায়াত ও বিএনপিকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তিনি সংবর্ধনা গ্রহণের জন্য নয়, বরং এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে সেখানে গিয়েছেন। ভোলা-৩ আসনের জনগণের সমর্থন ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের আস্থার কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।
স্পিকার বলেন, যদিও স্পিকারের প্রশাসনিক ক্ষমতা সীমিত, তবে এই পদ অত্যন্ত সম্মানজনক। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্যায়, অবিচার, লুটপাট ও সন্ত্রাসের পরিণতি জনগণ প্রত্যক্ষ করেছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের ফলেই দলটি জনসমর্থন হারিয়েছে। একই সঙ্গে তিনি ছাত্রসমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা দেশের উন্নয়নের পথে ভূমিকা রেখেছে।
তিনি রাজনৈতিক ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে সতর্ক করেন, এই ঐক্য ভেঙে গেলে দেশের জন্য নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। অতীতের মতো অস্থিরতা ও ভয়ের পরিবেশ যাতে ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির দায়িত্বের কথা উল্লেখ করে স্পিকার বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য সুশাসন নিশ্চিত করতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে যেকোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার চেষ্টা করা হবে, যাতে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেতসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

