ফুটবল মানেই উন্মাদনা, আর সেই উন্মাদনার কেন্দ্রবিন্দু যদি হয় ব্রাজিল, তবে সেখানে একজন বাংলাদেশির উপস্থিতি গর্বের বিষয়। তবে এবার কেবল উপস্থিতিই নয়, স্বয়ং ব্রাজিলিয়ান মেগাস্টার নেইমারের হাতে বাংলাদেশের জাতীয় দলের জার্সি তুলে দিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছেন প্রবাসী বাংলাদেশি ফটোসাংবাদিক শাহনুর রুমেন। ঘটনাটি যেন ব্রাজিলের ফুটবল মাঠে বাংলার উপস্থিতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা শাহনুর রুমেন এক যুগেরও বেশি সময় আগে জীবিকার সন্ধানে ব্রাজিলে পাড়ি জমান। কাজের পাশাপাশি ধীরে ধীরে তিনি যুক্ত হন ফটোসাংবাদিকতায়। বর্তমানে তিনি ব্রাজিল সাংবাদিক সমিতির সদস্য এবং ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে দেশটির শীর্ষ ফুটবল ক্লাব ও তারকাদের নিয়ে কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের সূত্রেই সাও পাওলোর সান্তোস ক্লাবে অনুশীলনের ফাঁকে নেইমারের সঙ্গে তার ব্যক্তিগতভাবে সাক্ষাতের সুযোগ হয়।
সাক্ষাৎকালে নিজের দেশের প্রতি ভালোবাসা থেকে শাহনুর রুমেন নেইমারকে বাংলাদেশের একটি জার্সি উপহার দেন। জার্সিটি হাতে নিয়ে নেইমার আগ্রহ প্রকাশ করেন এবং এর নকশার প্রশংসা করেন। এ সময় শাহনুর তাকে জানান, বাংলাদেশে নেইমার ও ব্রাজিল দলের কোটি কোটি ভক্ত রয়েছে, যারা আন্তরিকভাবে তাদের ভালোবাসে। বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসার কথা শুনে নেইমার অভিভূত হন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাহনুর রুমেন বলেন, ব্রাজিল ফুটবলের দেশ। এখানে বিশ্বের সেরা খেলোয়াড়দের খুব কাছ থেকে দেখার সুযোগ রয়েছে। একজন সাংবাদিক হিসেবে মাঠে কাজ করার সুযোগ কাজে লাগিয়ে তিনি নেইমারকে বাংলাদেশের মানুষের ভালোবাসার বার্তা পৌঁছে দিতে চেয়েছেন।
তার এই উদ্যোগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিশ্ব ফুটবলের অঙ্গনে বাংলাদেশের নামকে আরও উজ্জ্বল করেছে। নেইমারের মতো বিশ্বখ্যাত তারকার হাতে বাংলাদেশের জার্সি পৌঁছে যাওয়া দেশের কোটি ভক্তের জন্য গর্বের একটি মুহূর্ত। ঘটনাটি আবারও প্রমাণ করল, ফুটবল সীমানা পেরিয়ে বিশ্বকে এক সুতোয় গেঁথে দিতে পারে।

