আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১ মে) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কয়েক লাখ শ্রমজীবী মানুষের অংশগ্রহণের আশা করছে দলটি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের অধীনে এবার মে দিবস পালিত হচ্ছে, যা শ্রমজীবী মানুষের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। তিনি আশা প্রকাশ করেন, এই সমাবেশ থেকে শ্রমিকরা নতুন প্রত্যাশা ও প্রতিশ্রুতি পাবে।

