বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) মকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫-এর অধিনায়ক করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক এবং ঢাকা এপিবিএন-১৩’র অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

