রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযানে ৯৬ বোতল নিষিদ্ধ ভারতীয় ট্রিপ্রোলিডিন সিরাপ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় মো. তুষার আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা রেলওয়ে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে তুষার আলীর বহন করা একটি কালো রঙের ট্রলি ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ ৯৬ বোতল ট্রিপ্রোলিডিন সিরাপ উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার তুষার আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাহির টিক রামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঢাকা রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। রেলপথে মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

