ফরিদপুর সদর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর কলাবাগান থেকে কবিতা আক্তার (৭) নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে গেরদা ইউনিয়নের বাখুন্ডা রেলস্টেশন-সংলগ্ন একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কবিতা আক্তার বাখুন্ডা আদর্শ গ্রামের বাসিন্দা বাকা বিশ্বাসের মেয়ে। পাঁচ বোনের মধ্যে সে ছিল সবার ছোট এবং স্থানীয় বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্রী। গত ২৪ এপ্রিল সন্ধ্যায় সে নিখোঁজ হয়। পরদিন তার মা তাহমিনা বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কলাবাগানে পড়ে থাকা একটি গাছ সরাতে গিয়ে দুজন শ্রমিক দুর্গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে শিশুটির গলিত লাশ দেখতে পান। লাশটির পরনে কোনো পোশাক ছিল না এবং মুখ সালোয়ার দিয়ে বাঁধা ছিল। পরে তাঁরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শিশুটির মা–বাবা ঘটনাস্থলে এসে তাকে শনাক্ত করেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ কান্তি হালদার জানান, লাশটি পচে বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়ার দিনই শিশুটিকে হত্যা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

