পর্দার জনপ্রিয় নায়ক থেকে রাজনীতির ময়দান—গত কয়েক মাস ধরে টালিউড সুপারস্টার দেবকে ঘিরে নেটদুনিয়ায় জোর আলোচনা চলছিল। গুঞ্জন উঠেছিল, তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? ভারতের লোকসভা নির্বাচনের আগে এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চা তৈরি হলেও অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন অভিনেতা-সাংসদ দেব।
ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেব বলেন, “এসব কথা কারা ছড়ায়? আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি বলে মনে হয়? রাজনীতি না করলে জীবন চলবে না, এমন অবস্থায় আমি নেই। আমি তো রাজনীতি করতেই চাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই রাজনীতিতে এসেছি। তাই রাজনীতি ছাড়া আমি টিকতে পারব না—এ ধারণা সম্পূর্ণ ভুল।”
এসময় টালিউডের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। দেবের ভাষ্য, ইন্ডাস্ট্রিতে আর কাউকে ‘ব্যান’ করার সংস্কৃতি থাকা উচিত নয়। প্রযোজকদের ওপর অযথা চাপ সৃষ্টি না করে কাজের পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। তিনি বলেন, “সুষ্ঠুভাবে কাজ হলে কাজের পরিমাণ বাড়বে, বাইরের কাজও আসবে। তবে অতীতে তৃণমূল কংগ্রেসের কিছু ভুলের পুনরাবৃত্তি যেন না হয়। ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াতে পারলে বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াবে।”
ফেডারেশনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলে দেব স্পষ্ট জানান, তিনি আর রাজনীতিতে গভীরভাবে জড়াতে চান না। তার ভাষায়, “আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই। সবসময় ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েছি এবং ভবিষ্যতেও যারা ইন্ডাস্ট্রির ভাল চাইবেন, আমি নেপথ্যে থেকে তাদের পাশে থাকব।”
সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের কঠিন সময় নিয়েও কথা বলেন দেব। সম্প্রতি তার প্রিয় পোষ্য ‘লাকি’র মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি বলেন, “সকালে বের হওয়ার সময়ও ওকে সুস্থ দেখেছিলাম। পরে শুনলাম অস্ত্রোপচার সফল হয়েছে। কিন্তু হঠাৎই চলে গেল। এই কষ্ট ভাষায় বোঝানো সম্ভব নয়। যারা পোষ্য ভালোবাসেন, তারাই বুঝবেন।”
এছাড়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ও তাকে হতাশ করেছে বলে জানান এই অভিনেতা-সাংসদ। তবে সময়ের সঙ্গে সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘাটাল আসন থেকে প্রথমবার লোকসভা নির্বাচনে জয় পান দেব। পরবর্তীতে ২০১৯ ও ২০২৪ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ বিধানসভা নির্বাচনের প্রচারণাতেও দলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করেন এই তারকা অভিনেতা।

