এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। আজ রাতেই তিনি কোরিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ জানান, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য World Human Rights Cities Forum 2026-এ তিনি অংশ নেবেন। সফরে আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণবিষয়ক বিভিন্ন সেশনে যোগ দেবেন তিনি।
এছাড়া দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তিনি।
সফরকালে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও অংশ নেবেন আসিফ মাহমুদ।
দলীয় সূত্রে জানা গেছে, সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে তার।

