নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম মাহিন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয়ভাবে তিনি জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতে বাড়ির সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন মাহিন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মুখ ঢাকা অবস্থায় ৪ থেকে ৫ জন ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রথম গুলিটি তার পায়ে লাগে। পরে তিনি মাটিতে পড়ে গেলে আরও একটি গুলি করা হয়। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহত মাহিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব জানান, তারা কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ অটোরিকশাযোগে আসা মুখোশধারী ব্যক্তিরা টর্চলাইট জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম দাবি করেন, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তিনি বলেন, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা পরিকল্পিতভাবে এসে তাদের এক কর্মীকে গুলি করে পালিয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মাহিনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।
এদিকে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

