পুলিশ বাহিনীর চেইন অব কমান্ড ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাহিনীর শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না এবং অতীতের মতো পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট পেতে সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।
সোমবার (১১ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি চেইন অব কমান্ড ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে তিনি পুলিশ ক্লিয়ারেন্স প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি আরও জানান, আধুনিক অপরাধ দমনে সরকার প্রযুক্তিনির্ভর ব্যবস্থা জোরদার করছে। এ লক্ষ্যে পুলিশের জন্য একটি বিশেষায়িত ‘সাইবার ক্রাইম ইউনিট’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিটটি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, মাদকসেবী ও মাদককারবারিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবী, মাদক কারবারি এবং চুরি মামলার আসামিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

