দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৫৯ শিশু। সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৪১ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৮ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৩০ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৩৭ জন। একই সময়ে সন্দেহভাজন হামজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৫ হাজার ৯৮০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকায়।

