রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই ক্রিকেটার সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিজের রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন।
সাক্ষাৎকারে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে করা তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব বলেন, “একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি কেউ আওয়ামী লীগ করে না।” তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে সাকিব আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তিনি মনে করেন না যে কোনো ভুল করেছেন। ইমরান খানের মতো নতুন রাজনৈতিক দল গঠন না করে কেন প্রচলিত রাজনৈতিক ধারায় যুক্ত হলেন—এমন প্রশ্নের জবাবেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকার ইঙ্গিত দেন।
পটপরিবর্তনের পর থেকে দেশে না ফেরা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিবের কণ্ঠে অনিশ্চয়তার সুর শোনা যায়। দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন—মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।”
নির্বাচনে অংশ নেওয়ার পেছনে কোনো নিরাপত্তাজনিত ভাবনা ছিল কি না জানতে চাইলে কিছুটা আবেগঘন প্রতিক্রিয়া দেন এই অলরাউন্ডার। তিনি বলেন, “আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরাতে ফয়সালই ছিলাম।” এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, নিজ এলাকার মানুষের কাছে তার পরিচয় সবসময়ই ব্যক্তিগত সম্পর্ক ও শেকড়ের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও গুঞ্জন চলছে। তার সাম্প্রতিক এই সাক্ষাৎকার নতুন করে সেই আলোচনাকে সামনে নিয়ে এসেছে।

