চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২৩ মামলার আসামি মো. করিম ওরফে আব্দুল করিম ওরফে ‘ডাইল করিম’ গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া করিম হাজারী গলি এলাকার মৃত জাহাঙ্গীর ওরফে শাহজাহানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে কোতোয়ালি থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, করিমের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া অন্তত ২১টি মামলা মাদক ও বিশেষ ক্ষমতা আইনের আওতাভুক্ত। এছাড়া ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ সাম্প্রতিক আরও কয়েকটি মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার করিমকে ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং ২০২৬ সালের ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

