ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আজ ১৩ মে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বিয়ের দাওয়াত কার্ড সূত্রে জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। পেশায় তিনি একজন চিকিৎসক। তাঁদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
দাওয়াত কার্ডে উল্লেখ করা হয়েছে, বুধবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আকদ অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা ৭টায় শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বিয়েকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিতরণ করেছেন সাদিক কায়েম। এর অংশ হিসেবে তিনি জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিয়ের দাওয়াতপত্র প্রদান করেন। এ সময় জামায়াত আমির তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও দোয়া জানান।
এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। স্পিকার তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা জানান।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকেও বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেন সাদিক কায়েম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, জুলাই বিপ্লববিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন নিয়ে সাক্ষাতের সময় ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়। এ সময় ড. ইউনূসও তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানান।
এদিকে বিয়ের দাওয়াত কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ডাকসুর নেতা-কর্মী ও বিভিন্ন মহল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

