নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।
সহকর্মীরা জানান, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে নিজস্ব ক্যান্টিনে বুফে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা অন্তত ১২ জন দগ্ধ হন। তাদের মধ্যে কয়েকজনের হাত, মুখ ও পায়ে গুরুতর দগ্ধের চিহ্ন দেখা যায়। পরে সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে। চিকিৎসকদের একটি টিম তাদের পর্যবেক্ষণে রেখেছে।
ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানা গেছে।

