ক্রিকেট মাঠে অসংখ্য লড়াই, নেতৃত্বগুণ ও সাফল্যের মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। খেলাধুলার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেকটাই লোকচক্ষুর আড়ালে রয়েছেন এই তারকা ক্রিকেটার।
সম্প্রতি মাশরাফির বাবা গোলাম মুর্তজা ছেলের বর্তমান মানসিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগঘন মন্তব্য করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ভালো নেই মাশরাফি। এক ধরনের নিঃসঙ্গ ও বন্দিজীবনের মধ্য দিয়ে সময় কাটছে তার।
গোলাম মুর্তজা বলেন, “মাশরাফির জীবন এখন আর আগের মতো নেই। খুব কম কথা হয়। সেই হাসিখুশি মাশরাফিকে আর দেখা যায় না। সে ভীষণভাবে আঘাত পেয়েছে।”
তিনি আরও জানান, একসময় মাশরাফি তাকে বলেছিলেন, “আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না।” ছেলের এমন কথায় তিনি গভীর কষ্ট পেয়েছেন বলেও উল্লেখ করেন।
পরিবারের আর্থিক অবস্থা প্রসঙ্গে গোলাম মুর্তজা বলেন, তাদের পরিবার কখনো অসৎ উপায়ে আয়-রোজগার করেনি। জমিজমা ও খামারের আয়ের ওপর নির্ভর করেই সংসার চলে। তিনি বলেন, “আমরা ধান্দাবাজি করে খাওয়া মানুষ না। কেউ বলতে পারবে না আমরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত।”

