লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. খাদেমুল নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের দাবি, সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলীমারি ক্যাম্পের টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছররা গুলি চালায়। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে আহত অবস্থায় তাকে রংপুরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে বিএসএফ এ অভিযোগ অস্বীকার করেছে। বিজিবি জানিয়েছে, প্রাথমিকভাবে বিএসএফ বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে তারা সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে। বিএসএফের দাবি, ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালাননি এবং অস্ত্র পরীক্ষাতেও ফায়ারের কোনো আলামত পাওয়া যায়নি।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি এ ঘটনায় দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

