মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের অটোরিকশা চালক হান্নান মিয়া (৩৫) এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা হুমায়ুন মিয়া (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে দুইজনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের আল-হারামাইন হাসপাতাল ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

