রাজধানীর নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত প্রায় পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য এবং শ্যামপুর আরসিং গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
রাসেলের বন্ধু রিপন দাস জানান, শুক্রবার রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি রাসেলের বুকের বাম পাশে বিদ্ধ হয়। গুলির পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হয়েছিল। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে কোতোয়ালি থানার ওসি ফয়সাল জানিয়েছেন, এ ধরনের একটি ঘটনার তথ্য তারা পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিরোধের জেরেই এক পক্ষ রাসেলকে গুলি করেছে।

