বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গেছেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মীনি রাহাত আরা বেগম।
সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তিনি সিঙ্গাপুরে গেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ফখরুল দম্পতি প্রায় এক সপ্তাহ সেখানে অবস্থান করবেন এবং চিকিৎসা শেষে দেশে ফিরবেন। এর আগে বিভিন্ন সময়েও তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সর্বশেষ ২০২৫ সালের ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে যান তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে কারাবন্দি থাকা অবস্থায় তার ঘাড়ের একটি আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরবর্তীতে কারামুক্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নেন এবং এরপর থেকে নিয়মিত ফলোআপ চিকিৎসার জন্য সেখানে যেতে হচ্ছে তাকে।

