বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, বাঁশ কাটার উদ্দেশ্যে সাইফুল মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্পসংলগ্ন এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইফুল দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা।
ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। স্থানীয়দের ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করার জন্য সতর্ক করেছে প্রশাসন।

