আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি পিকনিক স্পটে সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এনজিল জেলার দেহ মেহরি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা কম জানানো হলেও, পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বৃদ্ধি পায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রথমে চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করা হলেও, পরবর্তীতে গুরুতর আহত আরও সাতজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা ১১ জনে পৌঁছায়।
এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই বিনোদনস্থলে মানুষের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।
স্থানীয় এক চিকিৎসক জানান, নিহতরা সবাই শিয়া মুসলিম এবং তারা একটি স্থানীয় মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া সম্প্রদায় অতীতেও একাধিকবার এ ধরনের হামলার শিকার হয়েছে।
হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি জানান, এনজিল জেলার দেহ মেহরি গ্রামে বেড়াতে যাওয়া স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুই নারীসহ অন্তত ১৫ জন আহতকে হেরাত আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, হামলাস্থলটি শিয়া অধ্যুষিত এলাকা এবং সেখানে একটি শিয়া মাজার রয়েছে, যেখানে প্রতিদিন বহু মানুষ নামাজ ও জিয়ারতের জন্য আসেন।

