বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালু করতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই এই নতুন ভিসা কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির আরও বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সদিচ্ছা ও ইতিবাচক মনোভাব বজায় থাকলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। তিনি উল্লেখ করেন, বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়েও গঠনমূলক আলোচনা হয়েছে।
এদিকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সরকারি সফরে দিল্লি সফর করেন। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

