দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে এবং ২ জন শিশু সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৮১১ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে আরও ৯২ শিশুর শরীরে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে দ্রুত হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

