শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি অনলাইন ক্লাসের পক্ষে না থাকলেও বিশ্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে ডিজিটাল শিক্ষাব্যবস্থার বিকল্প নেই। তিনি বলেন, “আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে।”
বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হওয়ায় শিক্ষা কার্যক্রমে অনলাইন ও অফলাইন পদ্ধতির সমন্বয় করতে হচ্ছে, যা নিয়ে সমালোচনা রয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৭০০ থেকে ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে, তবে কেউই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি।
এ সময় কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগ এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

