প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রাথমিক পর্যায়ে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এই সেবার কার্যক্রম শুরু হবে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জানান, গত ১৬ মার্চ থেকে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে, যা জুন ২০২৬ পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ১,২০৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। পাশাপাশি কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় আরও ১,৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করা হবে। আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে ইতোমধ্যে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদন করা হয়েছে, যা আসন্ন বর্ষা মৌসুমে রোপণ করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার ও এনজিওদের সম্পৃক্ত করা হবে।
শিক্ষা খাতে দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ পরিকল্পনাও বাস্তবায়ন শুরু হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮০ দিনের মধ্যে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে।
খেলাধুলার উন্নয়নে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় উন্মুক্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারের কার্যক্রম জোরদার এবং দেশে পেপালের কার্যক্রম চালুর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালুর আওতায় প্রাথমিকভাবে ৫০০ জনকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১২৯ জন ইতোমধ্যে ভাতা পেয়েছেন।
এছাড়া ভাষা শিক্ষার্থী ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে এবং জাপানগামী শিক্ষার্থীদের জন্য ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রুফটপ সোলার কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সবশেষে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি দেশের মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই বিভিন্ন নীতিমালা ও কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

