শরীয়তপুরে হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ছয় দিন পর জাহিদ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মিতু আক্তার।
মৃত জাহিদ সদর উপজেলার আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল তীব্র জ্বর, কাশি ও হাম রোগের লক্ষণ দেখা দিলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু ঘটে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে ১৬৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। সদর হাসপাতালে বর্তমানে ২০ জন হাম রোগী ভর্তি রয়েছেন।
এ বিষয়ে আরএমও মিতু আক্তার বলেন, প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে নতুন রোগী হাসপাতালে আসছে। আক্রান্তদের জন্য আলাদা আইসোলেশন কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি জানান, মঙ্গলবার রাতে হাম উপসর্গ নিয়ে ভর্তি জাহিদ নামের শিশুটির মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন জানান, শিশুটিকে গত সপ্তাহে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে পরীক্ষার ফলাফল আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

