বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে ব্যতিক্রমধর্মী প্রদর্শনী ‘ঐতিহ্যে বাঙলাহ’ আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের বটতলায় মঙ্গলবার (১৪ এপ্রিল) ও বুধবার (১৫ এপ্রিল) দুই দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও পল্লী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে স্থান পায় বারো ভুইয়া, পুঁথি সাহিত্য, মুসলিম কবিদের অবদান, ফতুল্লাহ শিরাজীর জ্যোতির্বিজ্ঞানচর্চা, সম্রাট আকবরের সময় বঙ্গাব্দের সূচনা, মুসলিমদের খাদ্য সংস্কৃতি, বঙ্গাব্দের সময়ধারা এবং সুলতানি বাংলার সমাজজীবনসহ নানা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয়।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, নববর্ষ উপলক্ষে তারা একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন, যেখানে বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, মূলত প্রশাসনিক কাঠামো ও ফসলভিত্তিক হিসাব-নিকাশ সহজ করতে সম্রাট আকবরের সময় বাংলা সনের প্রচলন হয়। পরবর্তীতে সময়ের সঙ্গে এই উৎসবে বিভিন্ন সংস্কৃতির সংযোজন ঘটেছে।
তিনি আরও বলেন, ১৯৮৬ সালে যশোরে প্রথম নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং ১৯৮৯ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষঙ্গ হিসেবে প্রতি বছর উদযাপিত হচ্ছে। শিক্ষার্থীদের সামনে বাংলা সাহিত্য ও বাংলাদেশের মুসলিমদের অবদান তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, এবং শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে এতে অংশগ্রহণ করছে।

