সরাইলের ৩.৫ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, ‘নিজেই রোগীর মতো’—রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা ৫০ শয্যার একটি হাসপাতাল—যেটিকে ‘নিজেই রোগীর মতো’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপিত সিদ্ধান্ত-প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, চাহিদা অনুযায়ী ওষুধ এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতি দীর্ঘদিন ধরেই বিদ্যমান। ফলে বিপুল সংখ্যক মানুষের জন্য এ হাসপাতাল কার্যত অপ্রতুল হয়ে পড়েছে।
রুমিন ফারহানা আরও জানান, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের জন্য একটি ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হলেও ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যাওয়ায় প্রকল্পটি থেমে আছে। বর্তমানে পুরোনো দোতলা ভবনেই সীমিত পরিসরে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে, যা দেখলেই জরাজীর্ণ অবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে।
তিনি আরও বলেন, হাসপাতালটিতে কনসালট্যান্টসহ চিকিৎসকদের ৯টি, নার্সের ৬টি, মেডিকেল টেকনোলজিস্টের ২টি, ফিল্ড স্টাফের ১৫টি, স্বাস্থ্য সহকারীর ৮টি এবং অন্যান্যসহ মোট ৬৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে, যা স্বাস্থ্যসেবা প্রদানে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

