নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ মুসল্লিকে হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারান্টের আপিল আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিন বিচারকের বেঞ্চ রায়ে জানায়, দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই হত্যাকাণ্ডে দোষ স্বীকারের সিদ্ধান্ত বাতিল চেয়ে ট্যারান্ট যে আবেদন করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
আদালত উল্লেখ করে, ট্যারান্ট ২০২২ সালের নভেম্বরে নির্ধারিত সময়ের অনেক পরে—প্রায় ৫০৫ কার্যদিবস বিলম্বে—আপিল দাখিল করেন। গত ফেব্রুয়ারিতে পাঁচ দিনব্যাপী শুনানিতে তার আইনজীবীরা দাবি করেন, কারাগারের কঠোর পরিবেশের কারণে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করেননি।
তবে আদালত এ যুক্তি গ্রহণ করেনি। বিচারকদের পর্যবেক্ষণে বলা হয়, কারাগারের নথি, মানসিক স্বাস্থ্য প্রতিবেদন এবং পূর্ববর্তী আইনজীবীদের সাক্ষ্যে প্রমাণিত হয়েছে যে, ট্যারান্ট মানসিকভাবে সুস্থ ছিলেন এবং স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন। তাকে কোনো ধরনের জোরজবরদস্তি করা হয়নি।
আদালত আরও জানায়, আপিল আবেদনে তিনি তার মানসিক অবস্থার বিষয়ে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তির চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি নিজেই তার আইনজীবীদের মামলা পরিচালনা থেকে সরিয়ে দিয়েছেন।
বিচারকরা বলেন, ভুক্তভোগী ও সমাজের স্বার্থ বিবেচনায় আপিলের জন্য অতিরিক্ত সময় না দেওয়ার সিদ্ধান্ত যথাযথ। ফলে এই রায়ের মাধ্যমে তার আপিল প্রক্রিয়ার সমাপ্তি ঘটল।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সেমি-অটোমেটিক অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায় ট্যারান্ট। এতে ৫১ জন নিহত এবং আরও অনেকে আহত হন। পরবর্তীতে ২০২০ সালের মার্চে তিনি আদালতে দোষ স্বীকার করেন।

