ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে লোগো ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি Tamim Iqbal।
অনুষ্ঠানে ডিপিএল আয়োজনের নানা চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তামিম ইকবাল। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর বিসিবির প্রধান লক্ষ্য ছিল দেশের ঘরোয়া ক্রিকেটকে আবার মাঠে ফিরিয়ে আনা। তার ভাষায়, “ঢাকা প্রিমিয়ার লিগসহ অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতা কীভাবে পুনরায় চালু করা যায়, সেটাই ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, দেশের ক্রিকেটারদের জন্য ডিপিএল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট এবং এটি বাংলাদেশের ক্রিকেট ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। গত কয়েক মাস ক্রিকেট কার্যক্রম প্রায় স্থবির থাকায় লিগ আয়োজনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
এদিকে টুর্নামেন্টে স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান বিসিবি সভাপতি। তামিম বলেন, এবার ডিপিএলে ড্রেসিংরুমে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মাঠে প্রবেশের আগেই সংশ্লিষ্ট সবাইকে ফোন জমা দিতে হবে।
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হিসেবে পরিচিত ডিপিএল দীর্ঘদিন ধরে জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতির অন্যতম বড় মঞ্চ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে নানা কারণে ঘরোয়া ক্রিকেটে স্থবিরতা দেখা দেয়। সেই প্রেক্ষাপটে নতুন উদ্যমে ডিপিএল মাঠে ফেরানোকে বড় উদ্যোগ হিসেবে দেখছে বিসিবি।
তামিম ইকবাল মনে করেন, দেশের ক্রিকেটের সামগ্রিক কাঠামো সচল রাখতে নিয়মিত ঘরোয়া লিগ আয়োজন অত্যন্ত জরুরি।

