রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরসমূহের জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে সকাল ৭টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় ভোর ৫টা ২৩ মিনিটে।

