সালাহউদ্দিন আহমদ পূর্বঘোষণা ছাড়াই ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর রমনা মডেল থানা আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার (২ মে) সকালে এই পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)–র কক্ষে প্রবেশ করেন। সে সময় কক্ষে কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অন্য থানার দুজন পুলিশ সদস্যও ছিলেন। তিনি উপস্থিত ব্যক্তিদের পরিচয় ও থানায় আসার কারণ জানতে চান।
পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা, ওয়াশরুম এবং অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। হাজতখানার ধারণক্ষমতা, পরিচ্ছন্নতা ও বন্দিদের সুযোগ-সুবিধা সম্পর্কেও খোঁজ নেন। হাজতে থাকা এক ব্যক্তির খাবার সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পাশাপাশি থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের আবাসন ও মেসের পরিবেশও পর্যবেক্ষণ করেন।
প্রায় ১০ থেকে ১১ মিনিটের এই পরিদর্শনে তিনি থানার ওসি, ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, “বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার।”
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

